মাগুরার শ্রীপুর উপজেলার চারটি ইউনিয়নের অন্তত ২০টি গ্রামে শিলাবৃষ্টি ও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাতে এ ঝড়ে প্রায় শতাধিক ঘরবাড়ি ও ১ হাজার ৩০২ হেক্টর জমির রবি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সরেজমিন দেখা যায়, উপজেলার শ্রীপুর সদর, আমলসার, দারিয়াপুর, রাজাপুর, দুর্গাপুর, তখলপুর, চরশ্রীপুর, হোগলডাঙ্গা, চরকচুয়া, কালিনগর, চিলগাড়ি, বালিয়াঘাটা, খড়িবাড়িয়া, গোপালপুর, কল্যাণপুর, বাগবাড়িয়া, চরগোয়ালপাড়া, চরজোকা, নতুনপাড়া, নবগ্রাম, কর্লী, নলখোলা, চৌগাছিসহ অন্তত ২০টি গ্রামের ওপর দিয়ে এ শিলাবৃষ্টি ও ঝড় বয়ে যায়। এতে এ সকল গ্রামের শতাধিক টিনের ঘর বিশালাকৃতির শিলার আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে। এছাড়াও প্রচুর বন্য পাখি মরে পড়ে আছে, মাঠের পেঁয়াজ, পেঁয়াজের বীজ, রসুন, পানের বরজ, ফলের বাগানসহ নানা ফসলের ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। চরশ্রীপুর গ্রামের ক্ষতিগ্রস্ত যাটোর্ধ্ব প্রমথ বিশ্বাস বলেন, তার প্রায় দুই একর জমির পেঁয়াজ একেবারে নষ্ট হয়ে গেছে। শ্রীপুর গ্রামের মঞ্জু শেখ বলেন, তার তিন একর জমির পেঁয়াজ, রসুন, কলা ও আমবাগানের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবীর জানান, ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরি হচ্ছে। অতিদ্রুত ক্ষতিগ্রস্ত ঘরের মালিকদের টিন ও কৃষকদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।
