কুষ্টিয়ায় ৫৪৪ প্রবাসীর বাড়িতে লাল পতাকা

আপডেট : ২৪ মার্চ ২০২০, ২২:০৬

কুষ্টিয়ার ছয়টি উপজেলায় সদ্য বিদেশফেরত ৫৪৪ জন প্রবাসী পুলিশি নজরদারিতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। প্রবাসীদের তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে আসার পর প্রশাসনের নজরদারিতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদেশফেরত প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিতকরণের পর তাদের সবার বাড়িতে লাল কাপড়ের পতাকা টাঙিয়ে দেওয়া হয়। হাতে সিল লাগিয়ে বাড়ির প্রধান ফটকে প্রবাসীর নাম ও দেশে আসার তারিখ সম্বলিত স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয় ও করোনা কন্ট্রোল রুম সূত্র জানায়, কুষ্টিয়া সদর উপজেলায় ৯৩ জন, দৌলতপুর উপজেলায় ১৮৯ জন, ভেড়ামারায় ৮৭ জন, মিরপুরে ৭৮ জন, কুমারখালীতে ৬৫ জন ও খোকসা উপজেলায় ২২ জনসহ মোট ৫৪৪ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা  মালয়েশিয়া, ইতালি, সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া প্রবাসী।  পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, প্রবাসীদের প্রতি কড়া নজর রাখা হচ্ছে। হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীরা যাতে ১৪ দিন পর্যন্ত নিজ ঘরের বাইরে বের না হতে পারে সে ব্যাপারে পুলিশ সজাগ দৃষ্টি রাখছে।  জেলা প্রশাসক আসলাম হোসেন জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন একটি কমিটি গঠন ও কৌশলপত্র গ্রহণ করেছে। সেগুলো বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে লকডাউনের বিষয়ও রয়েছে।

বানারীপাড়ায় ৬০ প্রবাসীর বাড়িতে লাল পতাকা

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, করোনা ভাইরাস সতর্কতায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ সদ্য বিদেশফেরত প্রবাসীদের বাড়িতে লাল পতাকা টাঙিয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা বানারীপাড়া উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ৬০ জন প্রবাসীর বাড়িতে লাল পতাকা টাঙান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম কবির হাসান এবং স্বাস্থ্য পরিদর্শক আ. রব বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বানারীপাড়া স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের জন্য নিজস্ব ব্যবস্থাপনায়  ১৬৩টি মাস্কের ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালের প্রবেশপথে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।