বারডেম হাসপাতালের টয়লেটে গলায় ফাঁস দিয়ে হানিফ হোসেন (৩৫) নামে এক রোগী আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, হানিফের বাবার নাম আব্দুল মান্নান। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাহেরচর গ্রামে। হানিফ পেশায় ছিলেন কাঠমিস্ত্রি। তার স্ত্রী মাসুমা আক্তার জানান, হানিফ গত চার থেকে পাঁচ বছর ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। এজন্য তাকে চলতি মাসের ২০ তারিখে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের নবম তলার একটি ওয়ার্ডে ভর্তি ছিলেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে তারা দুই জন হাসপাতালের বেডে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে হানিফকে বেডে দেখতে না পেয়ে টয়লেটের দরজা বন্ধ দেখে চিত্কার করেন। হাসপাতালের স্টাফ ও নার্সরা দরজা খুলে শাওয়ারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হানিফকে দেখতে পান। পুলিশে খবর দেওয়া হলে তারা ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। রমনা থানার এসআই বিপ্লব সরকার জানান, ধারণা করা হচ্ছে, পেটের ব্যথা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন হানিফ।
