ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার সকালে ১৫০ জন ভারতীয় ছাত্রকে ভারতে প্রবেশে বাধা দিলে তারা বেনাপোল চেকপোস্টে আটকা পড়েন। এই ছাত্ররা ভারতের কাশ্মীরের বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় গতকাল সকালে এসব শিক্ষার্থী ভারতে ফিরে যাওয়ার জন্য বেনাপোল চেকপোস্টে যান। কিন্তু ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানিয়ে দেয়, এসব নাগরিককে ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। তাই বেনাপোল ইমিগ্রেশন তাদের ভারতে প্রবেশের অনুমতি বা পাসপোর্টে সিল মারছে না। এ কারণে এসব শিক্ষার্থীকে আটকে পড়তে হয়েছে বেনাপোল চেকপোস্টে।
আটকে থাকা ভারতীয় নাগরিকেরা জানান, তারা সবাই ভারতীয় নাগরিক। লেখা-পড়া করেন বাংলাদেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে। কী কারণে দেশে প্রবেশ করতে পারছেন না, তা জানেন না তারা। কেউ তাদের কিছু বলছেন না।
