করোনা মোকাবিলায় বান্দরবানের তিন উপজেলা লকডাউন

আপডেট : ২৪ মার্চ ২০২০, ২৩:১১

বান্দরবানে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় লামা, আলীকদম এবং নাইক্ষ্যংছড়ি তিনটি উপজেলা লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। পার্শ্ববর্তী চকরিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় মঙ্গলবার রাত ৮টা থেকে বান্দরবানের তিনটি উপজেলার সঙ্গে সর্বসাধারণের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বিষয়টি স্বীকার করে জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম জানান, বান্দরবানের তিনটি উপজেলার পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ফলে পরিস্থিতি মোকাবিলায় জেলার লামা, আলীকদম এবং নাইক্ষ্যংছড়ি তিনটি উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু লামার সঙ্গে আলীকদমের যোগাযোগ ব্যবস্থা সীমিত পর্যায়ে থাকবে। ইতিমধ্যে জেলার সাতটি উপজেলায় সেনাবাহিনী মাঠে নেমেছে। ওষুধের দোকান, মুদি দোকান ছাড়া অন্যসব ধরনের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বান্দরবান জেলায় এখনো কোনো রোগী শনাক্ত হয়নি। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে সব উপজেলায় লকডাউন করা হবে। আপাতত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে।