জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, মির্জা ফখরুলের (বিএনপির মহাসচিব) স্মরণ থাকা উচিত যে—তার পিতা মরহুম মির্জা রুহুল আমিন এরশাদের মন্ত্রিসভার সদস্য ও তার দলের এমপি ছিলেন। ২৪ মার্চ উপলক্ষ্যে বিএনপি মহাসচিব সোমবার যে বিবৃতি দিয়েছেন সেটির প্রতিবাদ জানিয়ে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জি এম কাদের একথা বলেন।
জাপা চেয়ারম্যান বলেন, ১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদের ক্ষমতা গ্রহণের সময়কার অবস্থা ও প্রেক্ষাপটের কথা মির্জা আলমগীরের মনে রাখা উচিত ছিল। কোনো দেশে সামরিক আইন প্রত্যাশিত নয়, কিন্তু সামরিক আইন নিয়ে আসতে যারা বাধ্য করে প্রকৃতপক্ষে তারাই অপরাধী। ১৯৮২ সালের ২৪ মার্চ বিএনপির চেয়ারম্যান ও দেশের রাষ্ট্রপতি বিচারপতি সাত্তার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নিজের দুর্নীতিবাজ মন্ত্রিসভা বাতিল ঘোষণা করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। তখন সেনাপ্রধান হিসেবে এরশাদ দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তার জন্য যদি কারো অপরাধ হয়ে থাকে সেই অপরাধী হবেন বিচারপতি সাত্তার। ১৯৮২ সালের ২৪ মার্চের ঐ পরিবর্তনকে দেশের আপামর জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বাগত জানিয়েছিল।
জি এম কাদের আরো বলেন, এরশাদের আমলে নির্যাতন-নিপীড়নের কথা বলতে বিএনপির লজ্জা হওয়া উচিত। দুর্নীতির দায়ে বিএনপির নেত্রীকে এখন সাজা ভোগ করতে হচ্ছে। এখন ২৪ মার্চের কথা বলে নিজেদের পাপ ঢাকার চেষ্টা করে লাভ হবে না।
