বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংক্রামক রোগ-সংক্রান্ত অপরাধের বিচার হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল ভ্রাম্যমাণ আদালত-সংক্রান্ত আইনের তপশিলে এ বিষয়ে সংশোধনী আনা হয়েছে। এর ফলে সংক্রামক রোগ করোনা ভাইরাস-সংক্রান্ত অপরাধের বিচারও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালনা করা হবে। এতে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের ২৪, ২৫ ও ২৬ নম্বর ধারাটি ‘ভ্রাম্যমাণ আদালত আইন ২০০৯’ এর তপশিলে যুক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইনের ১৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে এটি করা হয়। এর ফলে সংক্রামক রোগ করোনা ভাইরাস-সংক্রান্ত অপরাধের বিচার ‘ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালনার পথ উন্মুক্ত হলো। সংক্রামক রোগ আইনের অধীন সংঘটিত কোনো অপরাধের অভিযোগ দায়ের, তদন্ত, বিচার ও আপিল নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধানাবলি প্রযোজ্য হবে বলে আইনে উল্লেখ করা হয়।
