ফতুল্লায় বেতনের দাবিতে ৬৯ জন শ্রমিক একটি রপ্তানিমুখী পোশাক কারখানার গেটের সামনে সাড়ে ৮ ঘণ্টা অপেক্ষার পর মালিক পক্ষ জানালেন বেতন হবে না। মালিক পক্ষের এমন খবরে কান্নায় ভেঙে পড়েন নারী শ্রমিকরা। এ সময় শিল্প পুলিশের সদস্যরা তাদের শান্ত করেন। গত সোমবার রাত সাড়ে ১০টায় ফতুল্লার কায়েমপুর এলাকায় অবস্থিত লিংক রোডের পাশে ফারইস্ট ফ্যাশন গার্মেন্টে এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, বেতনের জন্য ৬৯ জন (পুরান ও নতুন) শ্রমিক ঐদিন দুপুর ২টা থেকে গার্মেন্টের সামনে অপেক্ষা করেন। একাধিকবার মালিক পক্ষ থেকে বলা হয়, সেদিন বেতন পরিশোধ করা হবে। এভাবে রাত সাড়ে ১০টা পর্যন্ত বসিয়ে রেখে পুলিশ দিয়ে সংবাদ পাঠানো হয় যে, বেতন হবে না। যারা কাজ করছে তাদের মঙ্গলবার বিকাল ৪টায় আর পুরোনোদের ৩১ মার্চ বিকালে বেতন দেওয়া হবে। এ কথা শুনে অনেক নারী শ্রমিক কান্নায় ভেঙে পড়েন। অনেক শ্রমিকের ঘরে চাল-ডাল নেই, তারা এখন কী খাবে বলে কান্নাকাটি করেন।
