কালো ফ্রেমের পুরু চশমাজোড়া

আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৮:৩৫

মারুফুল ইসলাম

 

কালো ফ্রেমের পুরু চশমাজোড়ার ভেতর দিয়ে

তিনি সব দেখতে পেতেন পরিষ্কার

নিকটের ঘাস ও দূরের আকাশ

ভেতরের আলোড়ন ও বাইরের আন্দোলন

শরীরের রোদ ও অন্তরের অবরোধ

অন্দরের অন্ধকার ও সদর সিংহদ্বার

শ্বাসরুদ্ধ স্বদেশ ও বিক্ষুব্ধ বিশ্ব

তাঁর দৃষ্টি ছিল মমতার শিশিরে আর্দ্র

কিন্তু অন্তর্ভেদী

অতীতে বর্তমানে ভবিষ্যতে সঞ্চারী

 

ওই চশমা জোড়ার ভেতর দিয়ে তিনি

দেখতে পেয়েছিলেন

মাতৃভাষার প্রতি মানুষের বিদীর্ণবক্ষ ভালোবাসা

তাই রাষ্ট্রভাষার প্রশ্নে তিনি ছিলেন প্রথম প্রতিবাদে সোচ্চার

ওই চশমাজোড়ার ভেতর দিয়ে তিনি দেখতে পেয়েছিলেন

শাসন আর শোষণের থাবা থেকে মানুষের মুক্তির মৃত্যুপ্রতিজ্ঞা

তাই পূর্বাপর তিনি ছিলেন সংগ্রামী মিছিলের প্রথম পতাকাধারী অগ্রনায়ক

ওই চশমাজোড়ার ভেতর দিয়ে তিনি দেখতে পেয়েছিলেন

পরাধীনতার শৃঙ্খল থেকে স্বাধীনতাকামী মানুষের আপাদমস্তক আকাঙ্ক্ষা

তাই তিনি পৃথিবীর প্রশস্ত পৃষ্ঠায় এঁকে দিলেন

স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পরিতৃপ্ত মানচিত্র