কিষানির স্বপ্ন

আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৮:৩৫

পারভীন রেজা

 

স্বাধীনতা তুমি আঁধার চিরে স্বপ্ন ভেঙে ফুটেছ

তরমুজ বীজের মতো কালো কালো

            দুঃখের বীজ

রোপন করেছ শূন্য ভিটায়

            জ্বালিয়েছ আশার প্রদীপ

            তোমাকে পাওয়ার জন্য

বিচিত্র কান্না হাসির নিটোল রূপ দেখার জন্য

কত কিষানি চোখের জলের

            চিতায় জ্বলেছে।

ভেবেছে বর্গিরা এসে

অকস্মাত্ লুটবে না ইজ্জত

ধানের খেতে করবে না নীল চাষ।

কিষান যখন বলেছে—

            স্বাধীনতা সাথে করে আনব

সোনালি ফসল ফলিয়ে নাকের

            নোলক গড়িয়ে দেবো

স্বপ্নের তুলিতে আরও কত ছবি এঁকেছ।

            সেদিন গোধূলি বেলায়

লজ্জায় মুখ রাঙা হয়ে আসে

            দু’দিন পরেই মা ডাক শুনবে

কিষানও আসবে ফিরে।

ঘরের দাওয়ায় খেলবে

সেই ছোট্ট শিশুটি—

            কিন্তু

স্বাধীনতা এল যেদিন, কিষানি শুনল

            সবাই বলছে :

ওর খোকার জন্য স্বাধীনতা পাঠিয়েছে

কিষানের বিদায়ের বাণী—

তখন অশ্রুতে ভিজেও

করুণ ঠোঁটে হেসেছিল

যে শিশু আসছে তাকে আর হারাতে হবে না

কোনো মুক্তিযুদ্ধে।