‘এখন যারা আর্থিকভাবে স্বচ্ছল রয়েছি তাদের শোবিজের অন্যান্য কর্মচারীদের খোঁজখবর নেওয়াটা খুব জরুরি’

আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৯:৫২

g বিনোদন প্রতিবেদক

 

পেশায় গার্মেন্টস ব্যবসায়ী হলেও চলচ্চিত্র ও শোবিজের সঙ্গে প্রেম থেকেই কাজ শুরু করেছিলেন অভিনেতা সুমন ফারুক। সম্প্রতি শেষ করলেন দেশের রেকর্ড বাজেটের চলচ্চিত্র ‘দিন দ্য ডে’র কাজ। এ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন তিনি। অনন্ত জলিলের হাত ধরেই তার অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে। এর বাইরে ইভেন্ট কোম্পানিও প্রতিষ্ঠা করেছেন সুমন ফারুক। মাস কয়েক আগে দেশের রকব্যান্ডগুলোকে নিয়ে দারুণ এক কনসার্টও আয়োজন করেছে তার ইভেন্ট প্রতিষ্ঠান। কিন্তু বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা আতঙ্ক যেন সবকিছুতেই হঠাত্ ছন্দপতন এনে দিয়েছে। তাই যেন অন্য সবকিছুর মতো তার সব পরিকল্পনা থমকে আছে।

এ প্রসঙ্গে আলাপকালে সুমন তার নতুন ছবি দিন দ্য ডে নিয়ে বলেন, ‘অবশ্যই আমার সৌভাগ্য যে, অনন্ত জলিল ভাইয়ের সঙ্গে কোনো স্ক্রিন শেয়ার করেছি। তবে আমরা এখন এক গভীর সঙ্কটের ভেতর দিয়ে সময় পার করছি। নিশ্চয়ই আল্লাহ তায়ালার অশেষ কৃপায় এই সঙ্কট থেকে আমরা মুক্তি পাবো। তবে সব পরিবেশ পরিস্থিতি ভালো হলে তবেই ছবিটি মুক্তি দেবেন অনন্ত ভাই। আমাদের প্রত্যেকেরই এখন দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যেমন এখন যারা আর্থিকভাবে স্বচ্ছল রয়েছি তাদের শোবিজের অন্যান্য কর্মচারীদের খোঁজখবর নেওয়াটা খুব জরুরি। আমি তো নতুন এই ইন্ডাস্ট্রিতে। তবু আমার সাধ্যমতো করার চেষ্টা করছি।’

উল্লেখ্য, এর ভেতরেই দিন দ্য ডে ছবিতে অভিষিক্ত হওয়া অভিনেতা সুমন ফারুক তার নতুন আরেকটি ছবির কাজও শুরু করেছিলেন। কিন্তু বর্তমান সময়ে বৈশ্বিক সঙ্কটের কারণে সেটিও আপাতত থমকে রয়েছে।

সুমন ফারুক বলেন, ‘আমাদের অনেকগুলো প্ল্যান ছিল। সেগুলো বেঁচে থাকলে সম্ভব করে দেখাবো। কিন্তু এখন আমার ব্যবসা প্রতিষ্ঠান ও কালচারাল ইভেন্ট কোম্পানির কর্মচারীদের সুরক্ষার দায়িত্ব নিয়েছি। একইসঙ্গে আমরা কিছু সোশ্যাল কাজও করছি। আমাদের নিজেকে সুরক্ষার জন্য এখন ঘরে থাকাটা সবচেয়ে জরুরি। আমরা সেই সচেতনতা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি।’

উল্লেখ্য, দিন দ্য ডে চলচ্চিত্রের ট্রেলর রিলিজ হয়েছে ইউটিউবে। এ প্রসঙ্গে সুমন ফারুক বলেন, ‘ধারাবাহিকভাবে আরও ডিটেইল ট্রেলর ও গান প্রকাশের প্ল্যান রয়েছে। সেখানে আমার নতুন গান ও সিকোয়েন্সও দেখতে পারবেন দর্শকরা।’