শহর মৃত্যুফাঁদে পরিণত হয়েছে

আপডেট : ২৫ মার্চ ২০২০, ২১:৪৪

আমাদের প্রিয় চট্টগ্রাম শহরে যেন এখন মৃত্যুপুরীর জাল বিছানো। শহরের কোনো বিল্ডিংয়ে যদি দুর্ঘটনা ঘটে, তাহলে বেরিয়ে আসে অবৈধভাবে দখলকৃত কিংবা কর্তৃপক্ষের নিয়ম না মেনে বিল্ডিং নির্মাণের কাহিনি। অপরিকল্পিত নগরায়ন এবং প্রশাসনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের দুর্বৃত্তায়নে শহরের রাস্তাগুলো সরু হয়েছে, খালগুলো ভরাট হয়েছে এবং কর্ণফুলি নদী জৌলুস হারিয়েছে। সামান্য বৃষ্টিতে আজ শহর জলে নিমগ্ন হয়ে যায়। ফুটপাতে অবৈধ দোকানদারদের জন্য বাধ্য হয়ে রাস্তায় হাঁটতে হয়। যানবাহনে গ্যাস সিলিন্ডার যেন মৃত্যু হাতে নিয়ে চলাচল। সন্তানরা ঘরে না ফেরা পর্যন্ত অভিভাবকরা থাকেন চরম উত্কণ্ঠায়; কী না কী হয়ে যায় রাস্তাঘাটে। প্রতিদিন রাস্তায় বের হওয়া মানে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা। আমাদের জীবনের চলার পথে সবক্ষেত্রে কি জীবনের নিরাপত্তা আছে! আমরা কি ঘরে, রাস্তায়, স্কুলে, অফিসে নিরাপদ! আসলে আমরা কোনো জায়গায় নিরাপদ নই! শহরমুখী মানুষের চাপের কারণে ঘটছে বিভিন্ন দুর্ঘটনা। অস্বাভাবিক মৃত্যু মানুষ আর দেখতে চায় না। তাই প্রশাসনের উচিত উপজেলাগুলোতে শিল্প-কারখানা ব্যবসা-বাণিজ্য স্থানান্তর করে উপশহর করলে চট্টগ্রাম শহরের ওপর চাপ অনেকাংশে কমে যেত। আমরা চাই নিরাপদ জীবন।

শ্রীধর দত্ত

মেলঘর, পটিয়া, চট্টগ্রাম