ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ রয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান

আপডেট : ২৫ মার্চ ২০২০, ২১:৫০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন মার্কেটসহ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশের পর বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে জেলা শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। শহরে সীমিত আকারে হালকা যানবাহন চলাচল করছে।

মাগুরায় বিপণি বিতান বন্ধ      

মাগুরা প্রতিনিধি জানান, সকাল থেকে মাগুরায় মার্কেট, দোকান ও বিপণি বিতানগুলো বন্ধ রয়েছে। সকালের দিকে কিছু দোকান খোলা হলে পরে দোকান ও মার্কেটগুলো বন্ধ হয়ে যায়। ফলে শহর বর্তমানে ফাঁকা রয়েছে। তবে কাঁচাবাজার খোলা রয়েছে।

জুড়ীতে দোকানপাট বন্ধ ঘোষণা

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, বুধবার থেকে উপজেলার কাঁচাবাজার, খাবার, ফার্মেসি, হাসপাতাল ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটি, মৌলভীবাজারের সভাপতি, জেলা প্রশাসক নাজিয়া শিরিনের স্বাক্ষরে বুধবার দুপুরে জারিকৃত গণবিজ্ঞপ্তির আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক এ ঘোষণা দেন।

ঈশ্বরগঞ্জে যান চলাচল বন্ধ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, জরুরি সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষাকাজে নিয়োজিত যানবাহন ছাড়া অন্য সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। করোনার প্রাদুর্ভাব রোধে বুধবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ উপজেলার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব হাটবাজার, শপিংমল বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা মার্কেট চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এ কথা জানান।