বরিশাল অফিস
বরিশালে করোনা সচেতনতার নামে হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে সচেতনতা কার্যক্রম দেখিয়ে ছিনতাইকালে সাইদ হোসেন নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বিএম কলেজ রোডের বৌদ্যপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, করোনা সংক্রমণ এড়াতে নগরীতে সব ধরনের যান্ত্রিক যান চলাচল বন্ধ থাকায় জনগুরুত্বপূর্ণ বিএম কলেজ সড়ক প্রায় জনশূন্য হয়ে পড়ে। এ সুযোগে রিকশা, ভ্যান ও পায়ে হেঁটে যাওয়া মানুষদের সচেতনতামূলক কার্যক্রম দেখিয়ে ও নির্জন স্থানে নিয়ে গিয়ে সর্বস্ব কেড়ে নেয় সে। টের পেয়ে পার্শ্ববর্তী দোকান মালিকসহ স্থানীয় জনতা তাকে আটক করে সাংবাদিকদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতকে অবহিত করে। খবর পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা ছিনতাইকারীকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন।
বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, সরকারের কার্যক্রম বাস্তবায়নে বরিশালে একাধিক ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
