রাঙ্গামাটিতে হাটবাজার বন্ধ ঘোষণা, একসঙ্গে দুই জন চলাচলে নিষেধাজ্ঞা

আপডেট : ২৫ মার্চ ২০২০, ২১:৫০

সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ মাঠে

রাঙ্গামাটি প্রতিনিধি

জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে রাঙ্গামাটি জেলাসহ ১০ উপজেলার সব সাপ্তাহিক পাহাড়ি হাটবাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে সব ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন চলাচল সীমিতসহ পাশাপাশি একসঙ্গে দুই জন চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাঙ্গামাটি জেলাকে লক ডাউন করা না হলেও বর্তমানে ওষুধের দোকান, মুদি দোকান ও কাঁচাবাজার ছাড়া রাঙ্গামাটিতে সব দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কমে গেছে শহরে গাড়ি চলাচল। প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে নেমেছে মোবাইল কোর্ট ও সেনাবাহিনী। ২৬ মার্চ থেকে এই নিষেধাজ্ঞা পুরোপুরিভাবে কার্যকর হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ।

এদিকে বুধবার সকাল থেকে রাঙ্গামাটি শহরে মাঠে নেমেছে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। রাঙ্গামাটির প্রধান তিনটি বাজারে ও বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তারা মাইকিং ও বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং দোকান ও হাটবাজার বন্ধ করে ঘরে থাকার অনুরোধ জানান। অন্যদিকে রাঙ্গামাটির চারটি উপজেলা বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ভারত সীমান্তবর্তী এলাকা রয়েছে এবং বিলাইছড়ি উপজেলা দিয়ে মিয়ানমার হয়ে কেউ যাতে এলাকায় প্রবেশ করতে না পারে তার জন্য সীমান্তে বিজিবির কড়া নজরদারি রাখা হয়েছে।