পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে বুধবার থেকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিভিন্ন এনজিও ও সমবায় সমিতির ঋণের কিস্তি সংগ্রহে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। পাঁচবিবি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মণ্ডল বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সাধারণ মানুষ বাড়ি হতে বের হচ্ছে না। টাকা আয় করতে না পারলে কিস্তি দেবে কোথা থেকে। সে কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলমান থাকবে। যদি কোনো এনজিও বা সমবায় সমিতি নির্দেশ অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাব প্রতিরোধে গত ১৯ মার্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলায় সব ধরনের সভা, সেমিনার, মিটিং, সামাজিক অনুষ্ঠান, গণজমায়েত এবং ধর্মীয় গণজমায়েত না করার জন্য জয়পুরহাট জেলা প্রশাসক গণবিজ্ঞপ্তি জারি করেন। এ আলোকে পাঁচবিবি বণিক সমিতি বুধবার হতে পৌর এলাকার সব রেস্তোরাঁ, হোটেল এবং ফুটপাতের চায়ের দোকন বন্ধ ঘোষণা করেন।
