ভারতের ‘প্রতিবেশী প্রথমে’ নীতির অংশ হিসেবে এবং কোভিড-১৯ এর বিস্তার রোধ করার জন্য একটি সমন্বিত আঞ্চলিক উদ্যোগ নিতে গত ১৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য সার্ক নেতৃবৃন্দ একটি ভিডিও সম্মেলন করেন। এই অঞ্চলের প্রতি ভারতের প্রতিশ্রুতি বাস্তবায়নে গতকাল বুধবার ভারত ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড কভার বাংলাদেশ সরকারের কাছে সহায়তা হিসেবে হস্তান্তর করেছে। হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে এই সহায়তা হস্তান্তর করেন।
সহায়তার এই প্রাথমিক জরুরি চালানটি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুসারে প্রাথমিকভাবে ভারতের ১ কোটি মার্কিন ডলার সহায়তা নিয়ে গঠিত কোভিড-১৯ জরুরি তহবিলের আওতায়। বাংলাদেশ সরকারসহ সার্কের বিভিন্ন দেশ কোভিড-১৯ জরুরি তহবিলে অবদান রেখেছে। সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের সেরা অনুশীলনগুলো বিনিময়ের জন্য ভারত ও বাংলাদেশের ডাক্তার এবং অন্যান্য অংশীদারদের মধ্যে ভিডিও সম্মেলন পরিচালনা করার প্রস্তুতিও চলছে। —প্রেস বিজ্ঞপ্তি
