আইনশৃঙ্খলায় সমন্বয় সেল

আপডেট : ২৫ মার্চ ২০২০, ২২:২৪

করোনা সতর্কতা

বিশেষ প্রতিনিধি

করোনার সংকটময় সময়ে সর্বশেষ তথ্য ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম দেশবাসীকে জানাতে গতকাল একটি বিশেষ শেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতিদিন একটি নির্দিষ্ট সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমে সর্বশেষ তথ্য সরবরাহ করবেন।

উল্লেখ্য, সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান প্রতিদিন করোনা ভাইরাস নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছে। এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় করোনা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান নিয়ে বিস্তারিত ব্রিফ করবেন। এদিকে মঙ্গলবার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া উপকূলীয় ছয় জেলাসহ ১৯ উপজেলায় নৌবাহিনী মোতায়েনের খবর জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে বাড়ির বাইরে যেতে না পারে এবং একসঙ্গে যাতে দুই জন চলাচল না করে—এই নির্দেশনা মানাতে গতকাল বুধবার সকাল থেকে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী। করোনা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবেন সেনারা।