ইত্তেফাক রিপোর্ট
করোনা প্রতিরোধে নৌপুলিশ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। গতকাল সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং গুলশান বাড্ডা লিংক রোড সংলগ্ন হাতিরঝিল এলাকায় সকাল ও বিকালে চলাচলরত গাড়িতে দুই ঘণ্টা করোনা জীবাণুনাশক স্প্রে করা হয়। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী সাধারণের সার্বিক নিরাপত্তার জন্য হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করা হয়। নৌপুলিশের ডিআইজি আতিকুল ইসলামের উপস্থিতিতে দুই হাজার সদস্য ও তাদের পরিবারকে করোনা থেকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় সংখ্যক সাবান, ডেটল, লাইজল, লিকুইড সোপ, পটাশিয়াম পারম্যাংগানেট, ব্লিচিং পাউডার ও মাস্ক বিতরণ করা হয়। নৌপুলিশ সদরদপ্তরে আটটি অঞ্চল অফিসসহ সকল নৌপুলিশ স্টেশনকে এসব সরঞ্জাম প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন।
