টঙ্গীবাড়ীতে দুই জনকে জরিমানা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
টঙ্গীবাড়ী উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের জেলেপাড়া এলাকায় ভারতীয় বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক, যৌন উত্তেজক ওষুধসামগ্রী, সরকারি হাসপাতালের বিনা মূল্যে দেওয়া ওষুধসহ দুই জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মাহবুব হোসেন ও টঙ্গীবাড়ী সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট উছেন মে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে জেলেপাড়া এলাকার বিসমিল্লাহ স্টোর নামক মুদি দোকান থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি নকল ওষুধ জব্দ করা হয়। এ সময় দোকানের মালিক মো. রিপন বেপারীকে ১ লাখ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়। রিপন জেলেপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। একই সময় পাশে থাকা রোজা ড্রাগ হাউজ নামক ফার্মেসিতে সরকারি হাসপাতালের বিপুল পরিমাণ ওষুধ পায় ভ্রাম্যমাণ আদালত। তাত্ক্ষণিক ফার্মেসির মালিক মো. ওমর সানীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয়দের অভিযোগ ঐ মুদি দোকান ব্যবসায়ী রিপন দীর্ঘ ১০ বছর ধরে মুদি ব্যবসার আড়ালে নকল ওষুধের ব্যবসা চালিয়ে আসছিল। তিনি ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ওষুধ কিনে মজুদ করে উপজেলার বিভিন্ন হাটবাজারের দোকানগুলোতে সরবরাহ করত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উছেন মে জানান, মুদি দোকানির কোনো ওষুধ বিক্রির লাইসেন্স নেই। তাদের দোকান এবং বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, নকল ওষুধ, যৌন উত্তেজক ট্যাবলেট এবং ভারতীয় ওষুধ পাওয়া গেছে।
