আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স ও অসুস্থতা বিবেচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি দিয়েছেন। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে করোনা ভাইরাসের এই সংকটকালে বিএনপিকে ইতিবাচক রাজনীতির আহ্বান জানান তিনি। গতকাল বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বেগম জিয়ার সাজা স্থগিতের উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রী প্রজ্ঞা এবং অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়েছেন, তিনি উদার নৈতিক মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আশা করি বিএনপি এ বিষয়টি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে আমাদের সবার অভিন্ন শত্রু করোনা মোকাবিলায় সরকারের সর্বাত্মক ও সম্মিলিত উদ্যোগে সহযোগী হবে।’
ওবায়দুল কাদের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে খালেদা জিয়ার পরিবার থেকে মুক্তির জন্য আবেদন করা হয়েছিল। আবেদনটিতে শামীম ইস্কান্দার, বোন সেলিমা ইসলাম, রফিকুল ইসলাম স্বাক্ষর করেছেন। মুক্তি আদালতের বিষয় হলেও আবেদনটি পরিবার থেকে করেছেন কয়েকদিন আগে। তার পরিবারের আবেদনের ভিত্তিতেই মুক্তি দেওয়া হচ্ছে।
