পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বুধবার বরিশালে এসে করোনা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে জরুরি সভা করেছেন। বিকালে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে জরুরি সভায় তিনি বলেন, বরিশালে করোনা ভাইরাস পরীক্ষা করার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে।
তিনি বলেন, বরিশাল শেবাচিম হাসপাতাল ও বেসরকারি অ্যাপোলো হাসপাতালে ৪০০ করোনা আক্রান্তকে রাখার ব্যবস্থা করা হয়েছে। চিকিত্সকদের সব সরঞ্জামও আসছে। এ ধরনের রোগীদের জন্য চিকিত্সকদের একটি টিম প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে শেবাচিম হাসপাতাল পরিচালককে।
তিনি ঢাকা থেকে যারা বরিশালে এসেছেন তাদের বাসায় অবস্থান করার আহ্বান জানান। বৃহস্পতিবার থেকে কোনো মানুষ জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, চিকিত্কসরা যাতে হাসপাতালে আসেন এবং প্রাইভেট চেম্বারে রোগী দেখেন এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। প্রয়োজনে নিজে চিকিত্সকদের সঙ্গে কথা বলবেন। প্রতিমন্ত্রী বলেন, মানুষকে সচেতন করতে তিনি নিজ উদ্যোগে লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার ও খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
বিভাগীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, শেরেবাংলা চিকিত্সা মহাবিদ্যালয় (শেবাচিম) কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন, র্যাব, ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
