করোনা পরিস্থিতি

প্রধানমন্ত্রীর পদক্ষেপের ওপর আস্থা রাখুন :হাইকোর্ট

আপডেট : ২৬ মার্চ ২০২০, ০০:৪৪

হাইকোর্ট বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সত্, নিষ্ঠা ও বলিষ্ঠভাবে দেশ ও জাতিকে নেতৃত্ব দিচ্ছেন। করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেওয়া পদক্ষেপের ওপর আমরা আস্থা রাখতে চাই। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে করোনা ভাইরাস মোকাবিলায় তিনি যেসব নির্দেশনা দেবেন দল-মত নির্বিশেষে আমাদের তা মেনে চলা উচিত। তাহলেই আমরা জাতিগতভাবে এই করোনা ভাইরাসকে মোকাবিলা করতে সক্ষম হব। এ সংক্রান্ত এক মামলার শুনানিকালে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ মন্তব্য করেন।

করোনা ভাইরাস শনাক্তকরণে সারাদেশে পরীক্ষার ল্যাব স্থাপনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে সম্পূরক আবেদন দাখিল করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। তিনি বলেন, দিন দিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশের ্একমাত্র প্রতিষ্ঠান আইইডিসিআর করোনা ভাইরাসের পরীক্ষা করে থাকে। কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলের যদি কেউ মনে করে যে সে এই ভাইরাসে আক্রান্ত তখন তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকায় আসতে হবে। এজন্য সারাদেশেই এই পরীক্ষার ল্যাব স্থাপন করা দরকার।

এ পর্যায়ে আদালত বলেন, করোনা ভাইরাস এরই মধ্যে বৈশ্বিক মহামারি আকারে দেখা দিয়েছে। এই ভাইরাসের কোনো প্রতিষেধক নাই। এই ভাইরাস মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশ ‘লকডাউন’ পদ্ধতি বেছে নিয়েছে। যদি প্রয়োজন হয় এবং সরকার মনে করে তাহলে আমাদেরও সেই পদ্ধতি প্রয়োগ করতে হবে। শুনানি শেষে হাইকোর্ট আবেদনটি নিষ্পত্তি করে দেন।

‘চিকিত্সকদের কেন বীরের মর্যাদা দেওয়া হবে না’

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিত্সা সেবায় নিয়োজিত চিকিত্সক, নার্স ও তার সহযোগীদের কেন জাতীয় বীরের মর্যাদা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। রুল জারির বিষয়টি সাংবাদিকদের জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট প্রতিকার চাকমা।