সোমালি ফুটবল ফেডারেশন জানিয়েছে সে দেশের তারকা ফুটবলার আব্দুল কাদির মহম্মদ ফারার করোনা ভাইরাস সংক্রমণের কারণে গত মঙ্গলবার লন্ডনের এক হাসপাতালে মারা গেছেন। গত সপ্তাহেই তার শরীরে এই ভাইরাস সংক্রমণের কথা জানা গিয়েছিল। তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। ফারা প্রথম আফ্রিকান ফুটবলার যিনি করোনা ভাইরাসে মারা গেলেন। গোটা বিশ্ব জুড়ে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ২০ হাজারেরও বেশি মানুষের। স্কুল ফুটবল দিয়ে তার ক্যারিয়ার শুরু হয় ১৯৭৬ সালে। স্থানীয় টুর্নামেন্টই ছিল তার প্রতিভা তুলে ধরার মঞ্চ। ১৯৮০ সাল পর্যন্ত বিস্তৃত ছিল তার সেরা সময়।
