সিটির প্রতিপক্ষ এবার স্বদেশি ক্লাবগুলোও

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:১০

ম্যানচেস্টার সিটি উয়েফার ‘ফিন্যানশিয়াল ফেয়ার প্লে’ নীতি ভঙ্গ করার কারণে চ্যাম্পিয়ন্স লিগ থেকে দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছে মাসদুয়েক আগে। তবে এর বিপক্ষে ক্লাবটির আপিল এখনো চললেও প্রিমিয়ার লিগের বাকি ক্লাবগুলোর মতো সিটিকে না খেলতে দেওয়ার পক্ষেই। এমনকি সিটির নিষেধাজ্ঞা অটুট রাখতে আবেদন পর্যন্ত করেছে তারা!

ইংল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি মেইল জানাচ্ছে, ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ খেলা থেকে বিরত রাখতে লিভারপুল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, উলভারহ্যাম্পটন, লেস্টার সিটি, টটেনহ্যাম, আর্সেনাল আর বার্নলি সম্প্রতি কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) কাছে যৌথ আবেদন করেছে। সিটি বাদে প্রিমিয়ার লিগের শীর্ষ ১০ ক্লাবের মধ্যে কেবল শেফিল্ড ইউনাইটেডই এ আবেদনে অংশ নেয়নি। সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে রুখতে রীতিমতো আটঘাট বেঁধেই নেমেছে দলগুলো। তাদের আবেদনগুলো লেখা ও পর্যবেক্ষণের ব্যাপারটা দেখছে স্থানীয় একটি আইন সংস্থা, সম্ভাবনা আছে ভবিষ্যতে তাদের সাহায্য নেওয়ারও। সিটির আপিলের শুনানি ইতিমধ্যেই তিনবার স্থগিত করেছে সিএএস। আপিলটির সঙ্গে আরো ১৬টি কেস সামলানো সংস্থাটি আপিলটির নতুন তারিখ দিয়েছে ১৮ মে। করোনা ভাইরাস সমস্যাও এ স্থগিতাদেশে বড়ো ভূমিকা রেখেছে।