২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ। দুইটি আসরই অনুষ্ঠিত হওয়ার কথা ভারতে। আর এই দুইটি আসরের বাছাইপর্বের খেলা শেষ হওয়ার কথা ছিল এ বছর জুন মাসের মধ্যে। বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত হয় এই বাছাইপর্ব। কিন্তু গতকাল আইসিসি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে এই টুর্নামেন্টগুলো স্থগিত করে দিচ্ছে তারা। করোনা ভাইরাস সংক্রমণে একের পর এক স্থগিত হয়ে গেছে দুনিয়ার প্রায় সব গুরুত্বপূর্ণ খেলাই। এবার সেই ধারায় এই বাছাইপর্বের ম্যাচগুলোও স্থগিত হয়ে গেল। বাছাইপর্বের এই খেলাগুলো পরে কীভাবে ও কোথায় অনুষ্ঠিত হবে, তা পরে জানানো হবে বলে বলেছে আইসিসি। এই আসরগুলো স্থগিত করার ঘোষণা দিতে গিয়ে আইসিসির হেড অব ইভেন্ট ক্রিস টেটলি বলেছেন, ‘বর্তমান যে বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে এবং বিভিন্ন সরকার যেভাবে চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে, তাতে আইসিসি এই ইভেন্টগুলো আগামী জুনে পুনর্বিবেচনা করার আগ পর্যন্ত স্থগিত করে দিচ্ছে।’
টেটলি বলেছেন, তারা খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের স্বাস্থ্য চিন্তা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন, ‘খেলোয়াড়, কর্মকর্তা, স্ট্যাফ এবং সমর্থকদের স্বাস্থ্য চিন্তা আমাদের সবচেয়ে গুরুত্বের ব্যাপার। আমরা এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এগুলো বিবেচনা করে থাকি। আমরা মনে করেছি, এই কষ্টকর সিদ্ধান্তটা নেওয়ার এটাই সঠিক সময়।’
