সাংবাদিকের মা-ভাইকে মারধর, চার দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:১৬

বাগেরহাট সদর থানার হাকিমপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাংবাদিকের বৃদ্ধ মা ও ভাইকে মারধর এবং বোনকে লাঞ্ছনার ঘটনায় বুধবার সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত শনিবারের এ ঘটনায় ঐ দিনই স্থানীয় চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করা হলেও চার দিনেও প্রতিকার পাননি ভুক্তভোগীরা।

জানা গেছে, হাকিমপুর গ্রামের মৃত ইসমাইল মোল্লার পুত্র দৈনিক ইত্তেফাক পত্রিকার যশোরের অভয়নগর সংবাদদাতা মো. বদরুজ্জামান ও এইস এম নিউজ ২৪ ডটকমের প্রধান সম্পাদক মোল্লা আতাউর রহমান মিন্টুর পৈতৃক বাড়িতে তাদের বৃদ্ধ মা কুলছুম বেগমসহ (৭২) অন্য ভাইবোনেরা বসবাস করেন। বদরুজ্জামানের আরেক ভাই ভুক্তভোগী ইকবাল হোসেন মোল্লা বলেন, আমাদের বাড়ির গাছপালা কেটে সীমানা পিলার তুলে ফেলার সময় বাধা দিতে গেলে পাশের বাড়ির মশিউরসহ পাঁচ-ছয় জনে মিলে আমার বড়োভাই নওয়াব আলী মোল্লা, মা কুলসুম বেগমসহ অন্যদের মারধর করে। এ সময় আমার বোনের কাপড় ছিঁড়ে লাঞ্ছিত করে আমার স্ত্রীর গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে আমাদের হত্যার হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসিকে জানান হয়েছে, কিন্তু কোনো প্রতিকার পাইনি। পরে থানায় অভিযোগ করেছি। এ ব্যাপারে অভিযুক্ত মশিউর বলেন, আমার জমির গাছ আমি বিক্রি করেছি। পুলিশ বাধা দেওয়ায় তা কাটা বন্ধ রয়েছে। তিনি আরো বলেন, চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি (এসআই) অসিত আমাকে পিলার তুলে ফেলতে বলেছেন, তাই সেটা করেছি।

এ ব্যাপারে এসআই অসিত রায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। অভিযোগ প্রসঙ্গে বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন বলেন, জমিজমা সংক্রান্ত্র বিষয় দেওয়ানি আদালতের, এখানে আমাদের কোনো কাজ নেই। তবে মারপিটের ঘটনায় চুলকাঠি তদন্ত কেন্দ্রের আইসিকে তদন্ত করতে বলা হয়েছে।