সুনামগঞ্জে চলছে জীবাণুমুক্ত কার্যক্রম

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:৫০

শহরকে জীবাণুমুক্ত করতে ব্লিচিং পাউডার মেশানো পানি ছিটানো ও  সড়কে চলাচলকারী পরিবহনে জীবণুনাশক স্প্রে করার কার্যক্রম শুরু করেছে সুনামগঞ্জ পৌর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত এ কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পৌর কার্যালয় প্রাঙ্গণে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। গণ সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে। এ ব্যাপারে পৌরসভার মেয়র নাদের বখত বলেন, পৌরবাসীকে সচেতন ও শহরকে জীবাণুমুক্ত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের আনাচে কানাচে ও সড়কে চলাচলকারী পরিবহনে জীবণুনাশক স্প্রে ও শহরের বিভিন্ন পয়েন্টে পানি দেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের করোনা প্রতিরোধে সব কার্যক্রম অব্যাহত থাকবে।