গাইবান্ধায় বিদেশফেরতদের শনাক্তে হিমশিম খাচ্ছে প্রশাসন

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:৫৩

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর গাইবান্ধার বিভিন্ন এলাকায় বিদেশফেরত ব্যক্তিদের শনাক্ত করতে হিমশিম খাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ, নির্বাহী ও পুলিশ প্রশাসন। জেলা পুলিশ প্রশাসনের হিসাবে জেলায় ৪৩৬ জন বিদেশি ও প্রবাসী এসেছে। জেলা স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত বিদেশফেরত ২৩৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে। এদিকে বুধবার সন্ধ্যায় আইইডিসিআর টিম করোনা উপসর্গ দেখা দেওয়া গাইবান্ধার কিছু রোগীর নমুনা নিয়ে ফিরে গেছে ঢাকায়।

সাদুল্লাপুরে ব্যবসায়ীরা নিজ উদ্যেগে দোকানপাট বন্ধ করে দিয়েছে। গাইবান্ধা পৌর পার্ক ও এসকেএস ইন পার্ক লকডাউন ঘোষণা করা হয়েছে।

গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, বুধবার পর্যন্ত সাদুল্লাপুরে বিয়ে বাড়িতে আসা করোনা পজেটিভ সেই আমেরিকা প্রবাসী মা-ছেলের সংস্পর্শে আসা প্রায় ২০০ ব্যক্তির উপসর্গ পর্যবেক্ষণ করে তাদের মধ্যে ১০০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখছে আইইডিসিআর। এছাড়া এই ১০০ জনের মধ্যে গুরুতর অসুস্থ কিছু ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআর টিম সন্ধ্যায় ঢাকার উদ্দেশে গাইবান্ধা ছেড়েছে। তবে কত জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এই প্রশ্নে সিভিল সার্জন কিছু বলেননি।

তিনি আরো জানান, বুধবার পর্যন্ত জেলায় ২৮৪ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তাদের মধ্যে ৯ জন বিদেশি, ১৭৫ জন প্রবাসী বাংলাদেশি ও ১০০ জন সাদুল্লাপুরে বিয়েবাড়িতে করোনা পজেটিভ সেই আমেরিকা প্রবাসী মা-ছেলের সংস্পর্শে আসা। এছাড়া ৪৩ জনের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। ফলে এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২৩৯ জন।

গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, করোনা উপসর্গ শুরু হওয়ার পর ৪৩৬ জন বিদেশি ও প্রবাসী বাংলাদেশি গাইবান্ধায় ঢুকেছে। গাইবান্ধা জেলা প্রশাসককে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গত, গত ১১ মার্চ সাদুল্লাপুর উপজেলার একটি গ্রামের এক বাড়িতে বিবাহোত্তর অনুষ্ঠানে যোগ দিতে আসেন যুক্তরাষ্ট্র প্রবাসী দুই জন আত্মীয়।