রাজশাহীতে সেনা টহল শুরু

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:৫৩

করোনা ভাইরাসের সংক্রমণের সতর্কতায় এবং বিস্তৃতির ঝুঁকি বিবেচনায় প্রায় ফাঁকা রাজশাহীতে সেনাবাহিনীর সদস্যরা টহল দিতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে রাজশাহীতে সেনাবাহিনীর প্যাট্রল টিম মাঠে নেমেছে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলার দায়িত্বপ্রাপ্ত আর্মি অফিসার বলেন, গোটা রাজশাহী জুড়ে টহলের পাশাপাশি মাইকিং করে সাধারণ মানুষকে অহেতুক রাস্তায় ঘোরাঘুরি করতে নিষেধ করছেন সেনা সদস্যরা। সেনাবাহিনীরা সাধারণ মানুষকে সতর্ক করছেন মাইকিং করে। করোনা প্রতিরোধে সচেতন করা ছাড়া বিকল্প নাই।

এদিকে প্রায় ফাঁকা রাজশাহী বিভাগীয় শহরে যেনো ঈদের ছুটি বিরাজ করছে। কারণ ঈদ ছাড়া এমন চিত্র চোখে পড়ে না এই ব্যস্ত নগরীতে। বুধবার রাত থেকে রাজশাহী মহানগরীর সর্বত্র ফাঁকা দৃশ্য দেখা যায়। বিভিন্ন বাজারে দোকানপাট বন্ধ রয়েছে। তবে ওষুধের ফার্মেসিগুলো খোলা রয়েছে। এছাড়া সড়কে যানবাহনের উপস্থিতি একেবারে কম। দোকানপাট বন্ধের পর নগরীর অলিগলিতে অবস্থি চায়ের দোকানগুলো বন্ধ করে দিয়ে শহর ফাঁকা করার কাজ করেছে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। নগরীর চৌদ্দপাই এলাকায় রিকশা চালক সেলিম বলেন, রাস্তায় লোকজন নাই। তাই ভাড়াও তেমন হচ্ছে না।