চরভদ্রাসনে ছুরির আঘাতে যুবকের মৃত্যু

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:৫৪

ফরিদপুরের চরভদ্রাসনে ছুরির আঘাতে সবুজ শেখ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব চর শালিপুর (মুন্সির চর) গ্রামে এ ঘটনা ঘটে। সে গাজিরটেক ইউনিয়নের চরসুলতানপুর ফকিরডাঙ্গী গ্রামের মঙ্গল শেখের ছেলে। ঘটনার পর পর এলাকাবাসী একলাস মোল্যা (২৩) নামে এক জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। একলাস হরিরামপুর ইউনিয়নের বাসিন্দা ছালাম মোল্যার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিন দিন আগে চর শালিপুর গ্রামে এক গৃহবধূর একটি মুঠোফোন চুরি হয়। সবুজ ঐ মুঠোফোন চুরি করেছে এমন সন্দেহে একলাসসহ এলাকার আরো দুই তরুণ সজীব শেখ (১৯) ও সুজন শেখ (২০) সবুজকে আটক করে প্রথমে মারপিট করে ও পরে তার ঘাড়ের দুই পাশে ছুরিকাঘাত করে। এতে সবুজের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার পরিদর্শক ওসি (তদন্ত) মো. আব্দুল গাফ্ফার বলেন, লাশ উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।