করোনা ভাইরাসের কারণে বিয়ে করেও বউ আনতে যেতে পরল না খুলনার রূপসা উপজেলার কলেজছাত্র সাইফুল ইসলাম। বুধবার বিকালে বিয়ে করতে যাওয়ার কথা ছিল উপজেলার নিকলাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সাইফুল ইসলামের। বরযাত্রীসহ সে খুলনা মহানগরীর খালিশপুরে কনের বাড়িতে যাবে সে অপেক্ষায় ছিল কনে পক্ষের লোকজনও। কিন্তু স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে খবর পৌঁছে যায় রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারের কাছে। তিনি দ্রুত স্থানীয় নৈহাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহফুজুর রহমানসহ একটি টিম ঐ বাড়িতে পাঠিয়ে তাত্ক্ষণিক বিয়ে বন্ধের নির্দেশ দেন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়। ইউএনওর এ হস্তক্ষেপে সাইফুল ইসলাম আপাতত বিয়ের আয়োজন বন্ধ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দূরীকরণে যেখানে সামাজিক দূরত্ব সৃষ্টিতে কাজ করছে সবাই। সেখানে এ ধরনের আয়োজন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ কারণে আপাতত এ ধরনের সামাজিক অনুষ্ঠান না করে পরবর্তীতে স্বাভাবিক অবস্থায় ফিরলে আয়োজন করতে বলা হয়েছে।
