মঠবাড়িয়ায় দুই জনের লাশ উদ্ধার

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:৫৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিলকিস বেগম (৪০) নামে এক গৃহবধূ ও এমাদুল হক (৩০) নামে এক মাছচাষির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঐ গৃহবধূ ও যুবকের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

নিহত গৃহবধূ উপজেলার আমড়া গাছিয়া ইউনিয়নের মানিকখালী গ্রামের মুদি ব্যবসায়ী নুরুল আমিন ফরাজির স্ত্রী। থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এ দিন ভোরে কিটনাশক পান করা অবস্থায় তাকে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে বেতমোড় করিমগঞ্জ গ্রামের এমাদুল হককে বিদুত্স্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অপর দিকে বিদ্যুত্স্পৃষ্টে নিহত মাছচাষির লাশ পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।