ঈশ্বরদীতে সাত প্রতিষ্ঠানকে জরিমানা
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা প্রশাসনের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ঈশ্বরদীতে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি জানান, প্রশাসনের নির্দেশনা অমান্য করে যারা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া যারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি ধরবে তাদের আইনের আওতায় আনা হবে।
কেন্দুয়ায় মাস্ক সাবান ও ডিটারজেন্ট বিতরণ
কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে বিনামূল্যে মাস্ক, জীবাণুনাশক সাবান ও ডিটারজেন্ট পাউডার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ও বুধবার দিনব্যাপী পৌর শহরের বিভিন্ন এলাকায় এসব মাস্ক, সাবান ও ডিটারজেন্ট বিতরণ করেন কেন্দুয়া বাজারের বাসিন্দা ব্যবসায়ী আলী আশরাফ সাগর। ৫০০ মানুষের মধ্যে এসব সামগ্রী বিতরণ করে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হয়।
ভেড়ামারায় মাস্ক ও লিফলেট বিতরণ
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা কুষ্টিয়ার ভেড়ামারায় ঢাকাস্থ ভেড়ামারা সমিতির উদ্যোগে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় ৪ হাজার মাস্ক ও লিফলেট বিতরণ করেন। ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সভাপতি ডা. রতন কুমার পাল আনুষ্ঠানিকভাবে মাস্ক পরিয়ে দেন। ২৫টি গ্রুপে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
চৌদ্দগ্রামে করোনা সচেতনতায় বিভিন্ন সামগ্রী বিতরণ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা যুব সমাজের উদ্যোগে শতাধিক পরিবারের মধ্যে হ্যান্ডওয়াশ, সাবান, পাউডার বিতরণ এবং জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক বেলাল হোসাইন, স্থানীয় মিজানুর রহমান, আব্দুল মমিন, সোহেল রানা, ইমরান হোসেন সৈকত, রয়েল কিং যুব সমাজের রাশেদ খান, ফারহান, মো. মাছুম, ফখরুল ইসলাম সিয়াম প্রমুখ।
কালাইয়ে রাস্তায় জীবাণুনাশক স্প্রে
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জয়পুরহাটের কালাইয়ে রাস্তায় জীবাণুনাশক স্প্রে শুরু হয়েছে। উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলার চত্বর থেকে জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে এ কার্যক্রম শুরু করেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। এরপর কালাই বাসস্ট্যান্ড চত্বরে, থানা মোড় ও পাঁচশিরাবাজা এলাকায় জীবাণুনাশক স্প্রে করেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন ও উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোবারক হোসেন পারভেজ। এ সময় কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শাহজাহান মোল্লা উপস্থিত ছিলেন।
বেলকুচিতে করোনা সংক্রমণ রোধে সামগ্রী বিতরণ
বেলকুচি ও চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা সিরাজগঞ্জের বেলকুচিতে করোনা সংক্রমণ রোধে পৌরসভার নাগরিকদের মধ্যে মাস্ক, সাবান, লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর কার্যালয়ে স্থানীয় কমিশনারদের কাছে বিতরণের জন্য তা তুলে দেওয়া হয়। পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস জানান, ১ হাজার সাবান, ১ হাজার মাস্ক ও ৫ সহস্রাধিক লিফলেট বিতরণে উদ্যোগ নিয়েছি। এছাড়া চারটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্পটে হাত ধোয়ার জন্য ট্যাংকি স্থাপন করা হয়েছে।
ডোমারে কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ
ডোমার (নীলফামারী) সংবাদদাতা ডোমার উপজেলায় স্বল্প পরিসরে ২০১৯-২০ অর্থবছরের প্রান্তিক ৩০০ কৃষকের মধ্যে আউশ প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ব্বরে কৃষি অধিদপ্তরের আয়োজনে স্বল্প পরিসরে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ সার, বীজ বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম, সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, ওসি মোস্তাফিজার রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনিছুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
কালীগঞ্জে হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী বিতরণ
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা গাজীপুরের কালীগঞ্জে ভাদার্ত্তী সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব নামের একটি স্থানীয় ক্রীড়া সংগঠন ১০০ পরিবারের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার সমাগ্রী বিতরণ করেছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সমাগ্রী বিতরণ করা হয়। হ্যান্ড স্যানিটাইজেশন সামগ্রীর মধ্যে ছিল হ্যান্ড গ্লাভস, মাস্ক, সাবান ও ওষুধ। ভাদার্ত্তী গ্রামের তিনটি পয়েন্টে ব্যানার দিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির আয়োজন করা হয়েছে। করোনা প্রতিরোধে বিতরণ করা হয়েছে সচেতনতামূলক লিফলেট। স্থানীয় মসজিদ ও পথচারীদের হাত ধোয়ার জন্য রাস্তার পাশে রাখা হয়েছে ড্রাম ভর্তি পানি ও সাবান।
সুন্দরগঞ্জে করোনা প্রতিরোধসামগ্রী বিতরণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা উপজেলায় ৪০ জন গণমাধ্যমকর্মীর মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা ডায়াবেটিস সমিতির চত্বরে সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর পক্ষে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আবদুল মান্নান মন্ডল, জাতীয় পার্টির পৌর সভাপতি আবদুর রশিদ সরকার ডাবলু।
রাণীনগরে করোনা সচেতনতায় লিফলেট বিতরণ
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা নওগাঁর রাণীনগরে নোভেল করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার লক্ষ্যে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার রেলগেট, রেলস্টেশন, রাণীনগর বাজার, বিজয়ের মোড়, উপজেলা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এসময় রাণীনগর প্রশিকা উন্নয়ন এলাকার জোনাল ম্যানেজার মো. জসীম উদ্দীন, এলাকা ব্যবস্থাপক মো. নুর হোদাসহ অন্য কর্মীরা উপস্থিত ছিলেন।
মোমবাতি প্রজ্বালন ও মাস্ক বিতরণ
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুরের ফুলবাড়ী খেলাঘর আসরের উদ্যোগে ভয়াল ২৫ মার্চ কালরাতে শহিদ, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে নিহত ও চিকিত্সাদানকারীদের স্মরণে মোমবাতি প্রজ্বালনসহ শিশুদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বেগম আলতাফুন্নেসা মাল্টিমিডিয়া স্কুল চত্বরে আয়োজিত মোমবাতি প্রজ্বালন ও মাস্ক বিতরণী অনুষ্ঠানে ফুলবাড়ী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক জেরিন তাসনিম নিঝুমের নেতৃতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সদস্য মৈত্রী ক্যাডেট, ফুলবাড়ী খেলাঘর আসরের সদস্য আরিফ হোসেন, মো. নিলয়, জাহিদ হাসান, বাধন সরকার, অন্তর ইসলাম প্রমুখ।
