দিনাজপুরে পাটকলে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২২:৫৪

দিনাজপুরের বিরলে রূপালী বাংলা জুট মিলে তিন সপ্তাহের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর করেছে শ্রমিকেরা। গত বুধবার রাতে শ্রমিকদের এই বিক্ষোভে পুলিশের গুলিতে সুরত আলী (৪০) নামে স্থানীয় এক চায়ের দোকানদার নিহত হয়েছে। তিন পুলিশ ও শ্রমিকসহ আহত হয়েছে ৯ জন। নিহত সুরত আলী বিরল উপজেলার হুসনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং জুট মিলের পাশে একটি চায়ের দোকানদার। বুধবার দিবাগত রাত সাড়ে ৯টায় এই ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার বিকালে মিল বন্ধের কোনো নোটিশ না পেয়ে চলমান পরিস্থিতিতে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে মিলের অফিসের সামনে অবস্থান নিতে শুরু করে। সন্ধ্যা থেকে আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করে সমঝোতা না হওয়ায় ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল লতিফ ঘটনাস্থলে             এসে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়লে স্থানীয় কিছু লোক তাদের সঙ্গে যোগ দেয় এবং বিক্ষোভ ও ভাঙচুর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ ও পরে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। গুলিতে আহত সুরত আলীকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি মেডিক্যাল অফিসার ডা. তানজিমুল হক জানান, হাসপাতালে আনার আগেই সুরত আলী মারা যান। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলিতে সে নিহত হন। আহতদের মধ্যে দুই জনকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিরল থানার ওসি শেখ মো. নাসিম হাবিব জানান, বিক্ষোভকারীরা পুলিশের ওপর আক্রমণ করায় বাধ্য হয়ে প্রথমে লাঠিচার্জ, পরে তিন রাউন্ড টিয়ার সেল এবং শেষে ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়।