গাইবান্ধায় করোনায় আক্রান্ত দুই আমেরিকা প্রবাসীর সংস্পর্শে এসেছিলেন—এমন ২০০ জনকে শনাক্ত করেছে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিনিধি দল। পরে উপসর্গ পর্যবেক্ষণ করে তাদের মধ্যে ১০০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া এদের মধ্যে গুরুতর অসুস্থ বেশ কিছু ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর।
জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর ও গোবিন্দগঞ্জ উপজেলা এবং বগুড়ার কয়েকটি এলাকা থেকে এই সব ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, বগুড়ার ৯ জন গাইবান্ধার সাদুল্লাপুরে এক বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। তারা বগুড়ায় হোম কোয়ারেন্টাইনে আছেন।
গাইবান্ধার সিভিল সার্জন এ বি এম আবু হানিফ বলেন, বেশ কয়েক জনের নমুনা হিসেবে রক্ত ও গলার রস সংগ্রহ করে আইইডিসিআরের প্রতিনিধি দল বুধবার রাতে ঢাকায় ফিরে গেছে। কিন্তু তারা কতজনের নমুনা নিয়েছে তা এই মুহূর্তে বলা যাবে না। জেলায় করোনা ভাইরাসে আরো নতুন করে কেউ আক্রান্ত আছে কি না আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জানা যাবে। প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় ২৮৪ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
