‘চিকিত্সা জরুরি অবস্থা’ জারি ও কার্যকরের দাবি বিএনপির

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২২:৫৫

করোনা ভাইরাস মোকাবিলায় ‘চিকিত্সা জরুরি অবস্থা’ জারি ও কার্যকরের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ দাবি জানান। রিজভী বলেন, আমরা আজ এমন এক সময়ে আপনাদের সঙ্গে কথা বলছি, যখন সারা বিশ্ব প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহ আতঙ্কে দিন কাটাচ্ছে। দেশে করোনা শনাক্তের জন্য প্রয়োজনীয় টেস্ট কিট, চিকিত্সকদের পিপিই কিংবা হাসপাতালে পর্যাপ্ত আইসিইউর তীব্র সংকট। সারাদেশের হাসপাতাল থেকে হাজার হাজার স্যাম্পল আসছে অথচ টেস্ট করতে পারছে মাত্র ৭০-৮০টি। এ অবস্থার দ্রুত অবসান জরুরি।

রিজভী আহমেদ বলেন, বুধবার বাংলাদেশ সময় ভোররাতে লন্ডন থেকে প্রদত্ত এক ভিডিও বক্তৃতায় করোনা ভাইরাস মোকাবিলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবিলম্বে দেশে ‘চিকিত্সা জরুরি অবস্থা’ ঘোষণার জন্য সরকারের প্রতি যে আহ্বান জানিয়েছেন তা কার্যকর করার জন্য আমরা দাবি জানাচ্ছি। রিজভী বলেন, তারেক রহমান ডাক্তারসহ স্বাস্থ্য ও চিকিত্সাব্যবস্থার সঙ্গে জড়িত প্রত্যেকের কাজকে অত্যাবশ্যকীয় ঘোষণা এবং বিশেষ বোনাস প্রদানের দাবি জানিয়েছেন। এছাড়াও চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্তসংখ্যক মেডিক্যাল সরঞ্জাম (পিপিই) সরবরাহের দাবিও জানান। দেশের প্রতিটি উপজেলায় করোনা টেস্ট কিট সরবরাহ, প্রবীণ ও স্বাস্থ্যঝুঁকিতে থাকা নাগরিকদের চিকিত্সাসেবায় বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। রিজভী আহমেদ আরো বলেন, তারেক রহমান দাবি জানিয়েছেন, করোনা ভাইরাসের কারণে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষি শ্রমিক, গার্মেন্টস ও শিল্পকারখানার শ্রমিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার ক্ষতিগ্রস্ত মানুষকে আর্থিক সহায়তার উদ্দেশ্যে দ্রুততার সঙ্গে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের। এ ছাড়া দেশে কমপক্ষে আগামী ছয় মাসের জন্য জাতীয় কিংবা স্থানীয় সব নির্বাচন স্থগিত করারও দাবি জানিয়েছেন। আমরা মনে করি, দেশ এবং জনগণের স্বার্থে প্রতিটি দাবিই অত্যন্ত যৌক্তিক। আমরা এই দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানাই।