করোনায় আক্রান্ত সন্দেহে ধামরাইয়ে অবস্থিত একটি ওষুধ কারখানার এক নারী ও এক পুরুষ কর্মচারীকে গ্রামে ঢুকতে দেয়নি গ্রামবাসী। নারী কর্মচারী তার স্বামীকে নিয়ে বাবার বাড়ি ধামরাই উপজেলার বালিয়া গ্রামে যাচ্ছিলেন। পুরুষ কর্মচারীর বাড়ি মানিকগঞ্জে।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ঐ কর্মচারী দম্পতি গ্রামে প্রবেশের আগেই গ্রামবাসী তাদের বাধা দেয়। এ সময় ঐ নারী কর্মচারী স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ফোন করেন। চেয়ারম্যান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাদের গ্রামে না ঢুকে তাদের আবাসস্থলে ফিরে যাবার পরামর্শ দেন। গ্রামবাসীর বাধার মুখে তারা আর ঐ গ্রামে ঢুকতে পারেননি। গতকাল বৃহস্পতিবার বালিয়ার ইউপি চেয়ারম্যান আহাম্মদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গত শনিবার ঐ কারখানার মাননিয়ন্ত্রণকারী এক নারী কর্মকর্তা অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর ইফফাত আরা জানান, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ধামরাই উপজেলায় করোনা সতর্কতায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৪৩ জন।
