করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে শুক্রবার সকাল থেকে জীবাণুনাশক ছিটানো হয়েছে। উপজেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী কয়েকদিন প্রতিদিন একবার করে এ জীবাণুনাশক ছিটানো হবে।
জীবাণুনাশক ছিটানো কার্যক্রম পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, প্রথম অবস্থায় যেখানে জনসমাগম বেশি হয় সেসব গুরুত্বপূর্ণ জায়গায় স্প্রে করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সব জায়গাতেই এ জীবাণুনাশক ওষুধ ছিটানো হবে। তিনি এ সময় সাংবাদিকদের মাধ্যমে সকলকে এ দুর্যোগ মোকাবিলায় ঘরে থাকার আহবান জানান।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো.মেহেদী হাসান জানান, আমরা সরকারের নির্দেশনা মোতাবেক শহরের গুরুত্বপূর্ণ সড়কে জীবাণুনাশক স্প্রে করেছি। এতে করে কিছুটা হলেও ভাইরাসের প্রাদুর্ভাব থেকে আমরা রক্ষা পাব। আগামীতে এ কার্যক্রম অব্যাহত রাখতে গেলে আমাদের আরও জীবাণুনাশক উপকরণ প্রয়োজন।
ইত্তেফাক/এমআর
