শচীন-কোহলিদের সতর্কবার্তা

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২১:২০

ভারতে ৭০০-র বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। এগিয়ে এসেছে তাই ভারতের ক্রিকেটাঙ্গন। ‘লকডাউন’ পরিস্থিতিতে দেশের সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিলেন শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি।

লিটল মাস্টার খ্যাত শচীন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, ‘বিশ্ব জুড়ে সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা আমাদের অনুরোধ করেছেন ঘরে থাকতে। তার পরও আমি শুনতে পারছি, অনেকেই এটিকে গুরুত্ব সহকারে নিচ্ছে না। এমনকি কিছু ভিডিও দেখেছি, লোকে এসবের মধ্যেও ক্রিকেট খেলছে। এটা করা যাবে না। আমি জানি, আমার মতোই সবার ইচ্ছে করছে বাইরে গিয়ে বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা করতে। কিন্তু এই মুহূর্তে এসব করা গোটা জাতির জন্য সত্যিই ক্ষতিকর। দয়া করে মনে রাখবেন, আমরা হলাম অক্সিজেন, করোনা ভাইরাস আগুন। আরো অনেক প্রাণ নেওয়া থেকে এই ভাইরাসকে আটকানোর একমাত্র পথ তার অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া।’

অন্যদিকে বিরাট কোহলি তার স্ত্রী ও বলিউড তারকা আনুশকা শর্মাকে নিয়ে হাজির হয়েছিলেন এক ভিডিও বার্তায়। সেখানে তিনি বলেন, ‘করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জিততে সময় লাগবে। মনোবল লাগবে। তবে সবচেয়ে বেশি লাগবে আগামী ২১ দিনে আপনাদের সমর্থন ও দায়িত্ব। করোনা ভাইরাসকে দূরে রাখতে কিছু কাজ              করা জরুরি। ঘরে থাকুন। নিজেকে বাঁচান, পরিবারকেও রক্ষা করুন। করোনা ভাইরাসকে আটকাতে খুবই জরুরি হলো—কারফিউ যেন ভঙ্গ না  করা হয়।’