রাজারহাটে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে কৃষিজমি

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২১:৩৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদীতে হঠাত্ ভাঙনে দুর্ভোগে পড়েছে তীরবর্তী বাসিন্দারা। গত দেড় মাস ধরে ভাঙনে ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। ভাঙনের হুমকিতে রয়েছে আরো শত শত একর আবাদি জমি।

সরেজমিনে গত দুই সপ্তাহে দেখা গেছে জমি ও ফসলের ক্ষতিতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। পানি কমার সঙ্গে সঙ্গে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন, ঘড়িয়ালডাঙ্গা, নাজিমখান ইউনিয়নের বিভিন্ন চরে ভাঙন শুরু হয়। বিশেষ করে বিদ্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলা চরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। পাড়ামৌলা গ্রামের কৃষক মোতাহের আলী জানান, ফসলের জমি ভেঙে ক্ষতিতে আমরা দিশেহারা।বিদ্যানন্দ চরের কৃষক রফিকুল ইসলাম জানান, এই বছর আবাদ করে বন্যার ক্ষতি কাটিয়ে উঠে একটু মাথা তুলে দাঁড়াতে চেয়েছিলাম কিন্তু কয়েকদিনের নদীভাঙনে সে স্বপ্ন ভেঙে গেছে। বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম জানান, নদীভাঙনে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর অফিস সূত্রে জানা যায়, নদীভাঙন রোধ সংস্কার ও সংরক্ষণে বৃহত্ প্রকল্পের প্রয়োজন।

উপজেলা নির্বাহী অফিসার মোহা. যোবায়ের হোসেন জানান, বর্তমানে তিস্তার ভাঙন দেখা দিয়েছে।