করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মোহাম্মদ রায়হান বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঐ গ্রামে গিয়ে লকডাউন ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, গত দুই দিনে থেকে মোট ৬৪ জন কর্মজীবী মানুষ কাটাখালী গ্রামে এসেছেন। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পারে করোনা ভাইরাস সচেতন কমিটি। তারা উপজেলা প্রশাসনকে জানায়। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান গিয়ে পুরো গ্রামকে লকডাউন ঘোষণা করেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসীর উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রুহুল কুদ্দুস ডলার উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান জানান, লকডাউন চলাকালে গ্রামের সবাই দুই সপ্তাহের হোম কোয়ারেন্টাইনে থাকবেন। এ সময়ের মধ্যে গ্রামের কেউ বাইরে বের হতে পারবেন না এবং বাইরের কেউ ঐ গ্রামে প্রবেশ করতে পারবেন না।
