হোমনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৈরি করছেন হ্যান্ড স্যানিটাইজার

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২১:৩৮

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হোমনা উপজেলার ১১ জন শিক্ষার্থী মিলে স্থানীয়ভাবে হ্যান্ড স্যানিটাইজার (জীবাণুনাশক) তৈরি করছেন। হোমনা পৌরসভার মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের অর্থায়নে ইতিমধ্যে তারা দুই শতাধিক হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে দরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরণ করেছে।  হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতকারী দলের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী মো. শাকিল বলেন, বর্তমানে বাজারে হ্যান্ড স্যানিটাইজারের সংকট চলছে। যাদের টাকা আছে তারা সংকটের মধ্যেও ফার্মেসিগুলো থেকে বেশি দাম দিয়ে কিনে নিচ্ছেন। আর গরিব মানুষগুলো কিনতে পারছে না। তাই অর্থবিত্তহীন মানুষদের কথা চিন্তা করে আমরা ১১ বন্ধু মিলে পৌর মেয়রের সঙ্গে যোগাযোগ করলে তিনি অর্থের ব্যবস্থা করেন।

এ অর্থ দিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষা করে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছি। কিন্তু প্রয়োজনীয় কাঁচামালের অভাবে ব্যাপক হারে তৈরি করতে পারছি না। পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম বলেন, চাহিদানুযায়ী বাজারে হ্যান্ড স্যানিটাইজার না থাকায় নিজস্ব অর্থায়নে স্থানীয়ভাবে শিক্ষার্থীদের তৈরি করা কিছু স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। ডাক্তার বলেছেন এটির মান খারাপ নয়, ভালো কাজ করবে।