সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২১:৪২

করোনা ভাইরাস প্রতিরোধক সামগ্রী বিতরণ  

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং স্বাস্থ্য সহকারীদের সুরক্ষায় শুক্রবার মির্জাপুরে বিভিন্ন সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আজাহারুল ইসলাম সিকদার আজাহার উপজেলার আজগানা ইউনিয়নের হাঁটুভাঙ্গা এলাকায় উপজেলা স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপিদের হাতে এগুলো তুলে দেন।

করোনা ভাইরাস প্রতিরোধসামগ্রী বিতরণ

গাজীপুর প্রতিনিধি গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে শুক্রবার করোনা ভাইরাস প্রতিরোধকসামগ্রী বিতরণ করা হয়েছে। গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামানের নির্দেশনায় জেলা পরিষদের সদস্যদের মাধ্যমে জেলার প্রতিটি ওয়ার্ডে জনসাধারণের মধ্যে ৭ হাজার মাস্ক, সাড়ে ১২ হাজার হাত ধোয়ার সাবান ও ১০ হাজার করোনা ভাইরাস সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদের উপস্থিতিতে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকসেদ আলম এসব বিতরণ করেন।

করোনা প্রতিরোধক সরঞ্জাম বিতরণ

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন জুড়ী উপজেলায় করোনা প্রতিরোধক সরঞ্জাম (মাস্ক, হ্যান্ডওয়াশ, হ্যান্ড সেনিটাইজার, গ্লাভস) বিতরণ করেছেন। বৃহস্পতি ও শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় রিকশাচালক, ভ্যানচালক, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও শ্রমজীবীদের মধ্যে এগুলো বিতরণ করা হয়।

করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতায় প্রেস কনফারেন্স

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা দামুড়হুদার দর্শনা পৌরসভায় শুক্রবার করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। দর্শনা পৌরসভার হলরুমে পুলিশ, বিজিবি, পৌর কাউন্সিলর ও সকল ইলেকট্রিক এবং প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে দর্শনা পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা থানার ওসি মো. মাহাবুবুর রহমান, দর্শনা পৌর প্যানেল মেয়র মো. রবিউল হক সুমন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু ও সাধারণ সম্পাদক মো. আওয়াল হোসেন।

করোনা সচেতনতায় বিভিন্ন উপকরণ বিতরণ

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা করোনা ভাইরাস প্রতিরোধ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নান্দাইলে বৃহস্পতি ও শুক্রবার মাস্ক, সাবান, হ্যান্ডওয়াশ ও লিফলেট বিতরণ করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের উদ্যোগে ও মাওলানা আফতাব উদ্দিন ওয়েল ফেয়ার ট্রাস্টের সহযোগিতায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উপজেলার মুক্তিযোদ্ধাসহ দরিদ্র পাঁচ শতাধিক নারী-পুরুষের মধ্যে এগুলো বিতরণ করা হয়। এ সময় নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি মো. ফজলুল হক ভুঁইয়া, সাধারণ সম্পাদক শাহ্ আলম ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 

কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে শুক্রবার করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন সুবিধাবঞ্চিত, খেটে খাওয়া, দিনমজুর, গরিব ও অসহায় পরিবারের মধ্যে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

ইসরাফিল আলম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মো. আসাদুজ্জামান আসাদের সৌজন্যে ও উপজেলা ছাত্রলীগের সহযোগিতায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান প্রমুখ।

নিম্ন-আয়ের মানুষের মধ্যে খাদ্য ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে শুক্রবার করোনা ভাইরাসের আক্রমণ প্রতিরোধে নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্য বিতরণ করা হয়েছে। ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই-এর পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ। শহরের শিল্পকলা একাডেমি চত্বর, পোস্ট অফিস মোড়, পায়রা চত্বরে রিকশাচালক দিনমজুরসহ নানা শ্রেণি পেশার মানুষের মধ্যে এগুলো বিতরণ করা হয়।

নাগরপুরে সড়কে ছিটানো হলো জীবাণুনাশক

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে নাগরপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কে শুক্রবার জীবাণুনাশক ছিটানো হয়েছে। উপজেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী কয়েক দিন প্রতিদিন একবার করে এই জীবাণুনাশক ছিটানো হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।

মাস্ক ও হ্যান্ড গ্লাভস হস্তান্তর

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা নাচোলে শুক্রবার কৃষি ডিপ্লোমা কলেজের উদ্যোগে ৮০০ পিস মাস্ক ও ৪০০ পিস হ্যান্ড  গ্লাভস উপজেলা প্রশাসন ও পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, কৃষি ডিপ্লোমা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

দুস্থদের মধ্যে মাস্ক বিতরণ

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা গুরুদাসপুরে শুক্রবার দুস্থদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারে ডা. মোহম্মদ আলীর উদ্যোগে দিনব্যাপী ঐ মাস্ক বিতরণ কার্যক্রম চলে। এর আগে আনোয়ার হোসেন চক্ষু হাসপাতালের রোগীদেরও মাস্ক দেওয়া হয়। বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন চক্ষু হাসপাতালের পরিচালক ডা. মোহম্মদ আলী প্রমুখ।

নওগাঁয় সচেতনতামূলক কাজ শুরু

নওগাঁ প্রতিনিধি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে নওগাঁয় জেলা প্রশাসন ও সেনাবাহিনী সচেতনতামূলক বিভিন্ন কাজ শুরু করেছে। গতকাল শুক্রবার জেলা প্রশাসন ও সেনাসদস্যরা শহরের বিভিন্ন স্থানে এ কাজ শুরু করেন। জেলা প্রশাসক হারুন অর রশীদের নেতৃত্বে সেনাসদস্যরা সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এছাড়া সেনাবাহিনী শহরের বিভিন্ন রাস্তায় জীবাণুনাশক পানি স্প্রে করে। নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশীদ জানান, সেনাসদস্যরা জেলা প্রশাসনের সঙ্গে শহরের মুক্তির মোড় ও গোস্তহাটির মোড়ে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং এবং বাজার মনিটরিং করেন।