আগৈলঝাড়ায় বিভিন্ন হাট-বাজারে গণজমায়েত প্রতিহত করতে লাঠি চার্জ করেছে পুলিশ। এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা এবং দুটি টেলিভিশন জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় উপজেলার বাশাইল, ভালুকশী, মাগুড়া, চেঙ্গুটিয়া, রাংতা, গুপ্তেরহাট, পতিহার হাট বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি করোনা ভাইরাস মোকাবিলায় গণসচেতনতার বিভিন্ন দিক তুলে ধরেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পতিহার বাজারে আবদুর রব মোল্লার ছেলে চা-বিক্রেতা আলাউদ্দিন মোল্লা, ভালুকশী বাজারে মোসলেম হাওলাদারের ছেলে চা-বিক্রেতা জালাল হাওলাদার ও বাশাইল বাজারে জব্বার মোল্লার ছেলে চা-বিক্রেতা পলাশ মোল্লাকে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানার পাশাপাশি ওই সব চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়। একই দিন বিকালে চেঙ্গুটিয়া বাজারে আতিয়ার রহমানের ওষুধের দোকান ও গুপ্তেরহাটের হালিম মারামাতের ভ্যারাটিজ স্টোরে টেলিভিশন দেখিয়ে গণজমায়েতের কারণে ওই দুই দোকানে দুটি টেলিভিশন জব্দ করেন আদালতের বিচারক। বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনার সময়ে হোম কোয়ারেন্টাইনে না থেকে অযথা বাজারে অবস্থান করায় অনেক লোকজনকে কান ধরে ওঠবস করায় ভ্রাম্যমাণ আদালত।
