করোনা শনাক্তে আরটি-পিসিআর পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে একটি বিশেষ রুম বরাদ্দ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এ উদ্যোগ নেওয়া হয়। ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মঈনুল হক বলেন, এ কলেজে মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগে অনেক প্রশিক্ষিত শিক্ষক রয়েছেন। আধুনিক প্রযুক্তির পিসিআর স্থাপন ও বায়ো-সেফটি নিশ্চিতের পর এখানে আরটি-পিসিআর পরীক্ষা চালানো হতে পারে বলে জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, সিলেটে আরটি-পিসিআর স্থাপন করতে আরো কিছুদিন সময় লাগতে পারে। এদিকে আইইডিসিআরের পক্ষ থেকে বুধবার ঢাকা এবং ঢাকার বাইরে করোনা পরীক্ষার কথা বলা হলেও তাতে সিলেট মেডিক্যাল কলেজের নাম না থাকায় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন।
১ হাজার ৩৫৭ জন কোয়ারেন্টাইনে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ১০০ জন। আর এ থেকে মুক্তি পেয়েছেন ১৬৯ জন। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, সিলেট বিভাগে এখন ১ হাজার ৩৫৭ জন হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন।
এদিকে সিলেট নগর ও শহরতলির মসজিদগুলোতে গতকাল শুক্রবার জুমার নামাজে মুসল্লির সমাগম একটু কম ছিল। পরামর্শ অনুযায়ী মুসল্লিরা বাসায় সুন্নত পড়েন। শুধু খুতবা ও ফরজ নামাজের সময়টুকুই মুসল্লিরা মসজিদে ছিলেন। নামাজ শেষে মোনাজাতে সংকট থেকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে আকুল প্রার্থনা করা হয়।
গতকাল সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় জীবাণুনাশক ছিটিয়েছে সিটি করপোরেশন (সিসিক)। পর্যায়ক্রমে সব এলাকায় জীবাণুনাশক ছিটানো হবে বলে জানায় সিসিক।
