করোনা পরিস্থিতি মোকাবিলায় ৫০ হাজার হতদরিদ্র পরিবারের জন্য এক মাসের খাবারের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আজ শনিবার থেকে এই খাবারসামগ্রী বিতরণ শুরু করা হবে বলে তিনি জানান। গতকাল শুক্রবার নগরীর গুলিস্তান এলাকায় জীবাণুনাশক ছিটানোর গাড়ি পরিদর্শনে এসে তিনি এ ঘোষণা দেন।
এ সময় উপস্থিত শতাধিক হতদরিদ্র রিকশাচালক ও খেটে খাওয়া মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন তিনি। সাঈদ খোকন বলেন, অনেক আগে থেকে আমাদের দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম শুরু হয়। আমি নগরবাসীর প্রতি আহ্বান জানাই—যেন তারা বাড়ি থেকে বের না হন। বিত্তবানদের প্রতি আহ্বান জানাই—যেন তারা এই দুর্দিনে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান। তিনি বলেন, কেউ যদি বাসায় থেকে আমাদের হটলাইনে ফোন করে জানান, তিনি খাবার সংকটে রয়েছেন তাহলে আমরা তার বাসায় খাবার পৌঁছে দেব।
