করোনা ভাইরাসের কারণে সারাদেশে জনজীবন একপ্রকার স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় অনেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া নিয়ে শঙ্কায় আছেন। খাদ্যপণ্যের ঘাটতি ঠেকাতে ব্যবস্থা নিয়েছে সরকার। প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে খালাস হওয়া বিভিন্ন পণ্য সারাদেশে পৌঁছে দিচ্ছে ছয়টি ট্রেন।
রেলওয়ের পরিবহন বিভাগ সূত্র জানায়, করোনা ভাইরাসের কারণে যাতে খাদ্যের ঘাটতি না হয় সে জন্য বন্দর দিয়ে প্রচুর পরিমাণে বিভিন্ন পণ্য আসছে। এতে তেলবাহী বিভিন্ন কন্টেইনার যেমন আছে, তেমনি আসছে বিভিন্ন খাদ্যপণ্যও। এসব পণ্য খালাস হওয়ার পর ছয়টি ট্রেনে করে সারাদেশে পাঠানো হচ্ছে।
পরিবহন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এখন যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকায় কোনো প্রকার শিডিউল বিপর্যয় ছাড়া এসব মালবাহী ট্রেন পৌঁছে যাচ্ছে গন্তব্যে। আগে যেখানে তিন থেকে চারটি মালবাহী ট্রেন চলতো, এখন কোনো দিন আটটি আর কোনো দিন পাঁচ থেকে ছয়টি ট্রেন চলাচল করছে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ওমর ফারুক এ তথ্য দেন।
