সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ এক জন নিহত অস্ত্র-গুলি উদ্ধার

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২২:৩৪

সাতক্ষীরায় সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ অহেদ আলী গাজী (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি বড়ো ছোরা উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ধুলিহরে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত অহেদ আলী গাজী ধুলিহরের তমালতলার মৃত নবাত আলী গাজীর ছেলে।

পুলিশের দাবি, রাতে ধুলিহরের দাউদ মাস্টারের আম বাগানে সন্ত্রাসীদের দুটি গ্রুপ ব্যাপক গোলাগুলিতে লিপ্ত হয়। গুলির শব্দ পেয়ে পুলিশের টহল দল এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় পুলিশ ঘটনাস্থলে অহেদ আলী গাজীর লাশ পড়ে থাকতে দেখে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি বড়ো ছোরা উদ্ধার করে। পরে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, অহেদ আলী গাজী একজন নামকরা ডাকাত। তার বিরুদ্ধে মামুন, নজরুল ও কবীর হত্যা মামলাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।