নবাবগঞ্জে বাড়ির উঠানে মুরগির খামার

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২২:৪০

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের বড়ো বক্সনগর গ্রামের পোলট্রি খামার ব্যবসায়ী ইদ্রিস ভুঁইয়ার বসতবাড়ির উঠানে গড়ে ওঠা খামারের বিষ্ঠার দুর্গন্ধ ছড়িয়ে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। গ্রামের চারপাশের বসবাসরত শিক্ষার্থী ব্যবসায়ীসহ সব ধরনের শ্রেণি-পেশার মানুষের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে বলে অভিযোগ করেন এখানকার স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, বসতবাড়ির উঠানে ঘর নির্মাণ করে মুরগির খামার করেছেন ইদ্রিস ভুঁইয়া। খামারবাড়ির পাশ দিয়ে যাওয়া রাস্তায় প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। পোলট্রি খামারের আশপাশে রয়েছে দোকানপাট ও বসতবাড়ি। তাদের অভিযোগ, এমনিতেই করোনা ভাইরাসের আতঙ্ক, তার মধ্যে খামারের দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হয়ে নানা অসুখ-বিসুখ হতে পারে।

এ ব্যাপারে ইদ্রিস ভুঁইয়া বলেন, খামারের দুর্গন্ধ যাতে না ছড়ায়, সে জন্য মাঝে মধ্যে স্প্রে করেন এবং প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।

এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এইচ এম সালাউদ্দীন মঞ্জু বলেন, লিখিত অভিযোগ পেয়েছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবহিত করা হয়েছে, তিনি দুই-এক দিনের মধ্যে সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেবেন।